মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদে ডুবে মোবাশ্বের নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। নিহত মোবাশ্বের বাহেরচর কাতলা এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম মিথুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদের সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর বাড়ি থেকে কিছুটা দূরে আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।