হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু, যাদের মধ্যে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৯০ শিশু মারা গেছে।

এই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশু এবং হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ শিশু। ফলে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৭ হাজার ৬১৯ শিশু আক্রান্ত হয়েছে।

এছাড়া, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু, যাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৫ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৩ শিশু।