মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। অভিযানে সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।
পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং প্যাথলজি বিভাগের অভ্যন্তরীণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এসময় বিধিবহির্ভূত অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সায়মা ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টারের সেবা সম্পূর্ণ বন্ধ করে সিলগালা করে দেয় প্রশাসন।
এছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গভীরভাবে যাচাই-বাছাই করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র অবিলম্বে হালনাগাদ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, "মানিকগঞ্জের সাধারণ জনগণের জন্য শতভাগ মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। কোনো ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম, অবহেলা ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে স্বাস্থ্যখাতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"