সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। জানা গেছে, এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়া ওই ব্যক্তি দ্বিতীয়বার এই পদক্ষেপ নেন।

নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০তলা আউটডোর ভবনের পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। এরপর তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান আলমগীর। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলমগীর আত্মহত্যা করেছেন বলে জানান ওসি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।