রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে সই করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই এবং এমনটি করলে সদস্যপদ বাতিলের বিধান রয়েছে। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

সাধারণত এ ধরনের নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেয় না, তবে এবার বিরোধী দল অলি আহমদকে প্রার্থী করেছে। ফলে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সবশেষে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।

মনোয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, হুইপ আশরাফ উদ্দীন নিজান, মিয়া নুরুদ্দীন অপু এবং রকিবুল ইসলাম প্রমুখ।