সুনামগঞ্জের শাল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরে তার বাসায় যাওয়ার পথে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অরিন্দম চৌধুরী অপু বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, "আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছিলেন সাবেক এই ভাইস চেয়ারম্যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।"