নওগাঁর পত্নীতলায় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা এলাকার বিরশা তিগ্গার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে শ্যামল তিগ্গা পার্শ্ববর্তী সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, "খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।"