ময়মনসিংহ শহরের মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দিনদুপুরে মো. রাব্বি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সুজাউদ্দিন জানান, "রাব্বিকে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।"

ঘটনার বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"