‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে মুক্তকণ্ঠের আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘শিখো-মুক্তকণ্ঠ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’।

সংবর্ধনা আয়োজনে সারা দেশের ৬৪ জেলায় সংশ্লিষ্ট ভেন্যুগুলো ওয়াই-ফাই জোন হিসেবে প্রস্তুত করা হবে। এসব ভেন্যুতে শিক্ষার্থীরা অনুষ্ঠানের দিন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। দেশের ৬৪ জেলার সংবর্ধনা ভেন্যুকে ওয়াই-ফাই জোনে রূপান্তরের ক্ষেত্রে মূলত সহযোগিতা করবে আম্বার আইটি লিমিটেড।

আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের মুক্তকণ্ঠ কার্যালয়ে মুক্তকণ্ঠের সঙ্গে আম্বার আইটি লিমিটেডের একটি সমঝোতা স্মারক সই হয়। আম্বার আইটি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল এবং মুক্তকণ্ঠের মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম এবং হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম। মুক্তকণ্ঠের ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুনও উপস্থিত ছিলেন।

২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে। এছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করলেই সবার জন্য রয়েছে উপহার। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.gpa5reception.com ওয়েবসাইটে।