পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের পাশাপাশি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ফজলুল বারী সান্টু ও শাজাহান আলী এবং সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ মজনুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের মতো একটি স্পর্শকাতর ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম স্বচ্ছতা ও নিরপেক্ষতা রাখা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনৈতিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এই অনিয়মের দায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার দ্রুত অপসারণের দাবি তোলেন তারা।

তবে নিয়োগে অনিয়মের এই অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। তিনি বলেন, "শুধু মুখে অনিয়মের কথা বললে হবে না, প্রমাণ উপস্থাপন করতে হবে। শত শত আবেদনকারীর মধ্য থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনও আমরা পাইনি।"