পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত বোরহান উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তার বোরহান উদ্দিন (২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বোরহান তাঁর বাবা মোহাম্মদ শাহজাহানের (৫৫) মাথায় আঘাত করেন। ওই আঘাতের ফলে মঙ্গলবার দুপুরে শাহজাহানের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন ও রুবি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক বোরহান গতকাল বিকেলে দেশ ছাড়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, "বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"