নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ করে পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এই ঘটনা ঘটে।

আহত চালকের নাম রাব্বি হোসেন ওরফে রাকিব (২২)। তিনি আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। রাব্বির অভিযোগ, তাঁর ইউনিয়নের চার তরুণ তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে তুলে নিয়ে পায়ে গুলি করা হয়। ঘটনার পর কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। বর্তমানে তিনি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ দিয়ে রাব্বি হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “রাতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার থেকে বাজার করে ভাড়া বাসায় ফিরছিলাম আমি। অটোরিকশাটি নিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় পৌঁছালে চার তরুণ আমার অটোরিকশার গতি রোধ করেন। পরে রাব্বিকে নির্জন জায়গায় নিয়ে যান। এ সময় তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাব্বির কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ডান পায়ের হাঁটুর পাশে তাঁকে গুলি করা হয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।”

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, “সিএনজিচালিত অটোরিকশার চালক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। রাতভর অভিযান চালিয়েও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”