পর্যটকদের পরিচিত সেই চিরচেনা কোলাহল এখন আর নেই। জনশূন্য জাহাজঘাট, সৈকতে নেই ভিড়। বালুকাময় সৈকতে হাঁটলে চোখে পড়ে কেবল দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর সাদা ফেনার ঢেউয়ের খেলা। সারি সারি নারকেলগাছের নুয়ে পড়া পাতার আড়ালে এই দৃশ্য দেখে মনে হয়, সাগরের বুকে যেন একখণ্ড স্বর্গ রচিত হয়েছে। পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা এবং বর্ষাকালীন মৌসুমি বায়ুর প্রভাবে সেন্ট মার্টিনের প্রকৃতি এখন নতুন প্রাণ ফিরে পেয়েছে।