রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সিইসির কাছে মনোনয়নপত্রটি জমা দেন। এসময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্যরা ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।