শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক বৃদ্ধ নিহত হওয়ার ঠিক একদিন পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টার দিকে জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারীর মালিকানাধীন একটি ভবনের ছাদে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়ালের একাংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং তীব্রতায় পানির ট্যাংক ফেটে নিচে ছিটকে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর তারা লক্ষ্য করেন যে ভবনের ছাদের গাইডওয়াল ভেঙে গেছে এবং পানির ট্যাংকটি নিচে পড়ে আছে। খবর পেয়ে জাজিরা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভবনের ছাদে ককটেল মজুত করে রাখা হয়েছিল, যা কোনো কারণে বিস্ফোরিত হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ককটেল রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাজিরার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। ওই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গত ১৫ দিনের মধ্যে জাজিরার তিনটি পৃথক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, "পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"