‘বরবাদ’ ছবির সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিষয়টি ঘিরে বেশ কিছু আলোচনা-লেখালেখিও হয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে—শাকিবের বিপরীতে কে হচ্ছেন ছবির নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নামও চর্চায় থাকলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। তাদের দাবি অনুযায়ী, শেষ পর্যন্ত শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত বলেই উল্লেখ করা হয়েছে; তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দিয়ে শাকিব খান ও নতুন নির্মাতা মেহেদী হাসানের জুটি দর্শকের কাছে সাড়া ফেলে। ওই সাফল্যের ধারাবাহিকতায় এবারও আগামী বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে তাঁরা আবারও একসঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন। সূত্রমতে, নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’।
তবে নাম নিয়ে শুরুতে নানা গুঞ্জনও ছিল। কারও মতে ‘নিঃস্ব’, আবার কারও মতে ‘হায়েনা’। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেষ পর্যন্ত ছবিটি ‘নিঃস্ব’ নামেই তৈরি হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে টিজার প্রকাশের মাধ্যমে নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে। এই টিজারে ছবিটি সম্পর্কে ধারণা দেবেন পরিচালক—এমনটাও জানিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শেহরিন সুমি।
আগামী বছরের ঈদুল ফিতরকে লক্ষ্য করে সিনেমাটির প্রস্তুতি চলছে। ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও অ্যাকশনধর্মী হবে বলে জানা গেছে। তবে গল্প ও চরিত্র নিয়ে পরিচালক এখনই বিস্তারিত বলতে চান না। তাঁর বক্তব্য, চিত্রনাট্য পুরোপুরি ঠিক হোক, তারপর সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে নতুন সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ধারণা করেছিলেন, ‘নিঃস্ব’-তে আবার এই জুটিকে দেখা যেতে পারে। তবে নায়িকা প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। এটা শিগগির জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’
নির্মাতার ওই বক্তব্যের মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে থাকছেন ইধিকা পাল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই এখন বাকি—এমনটাও বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন মেহেদী হাসান। এরই মধ্যে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে।
ইধিকা পাল শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান। এরপর ‘বরবাদ’ সিনেমায় আবার শাকিবের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এবার ‘নিঃস্ব’-তে চুক্তিবদ্ধ হলে শাকিব–ইধিকা জুটির এটি হবে তৃতীয় সিনেমা। ফলে নতুন ছবিটি ঘিরে যেমন দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি ‘বরবাদ’-এর পর শাকিব-মেহেদী জুটির নতুন সিনেমা কতটা চমক দিতে পারে—সেটিও এখন আলোচনার বিষয়।
এদিকে শাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। আগামী সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর সপ্তাহখানেকের বিরতি দিয়ে তিনি ‘সোলজার’ ছবির শেষ লটের শুটিং করবেন। এরপরই তিনি ‘নিঃস্ব’ ছবির জন্য নিজেকে তৈরি করবেন—এমনটাই জানা গেছে।