রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের আগে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এক বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আগেই এই দায়িত্ব সর্বসম্মতভাবে চেয়ারম্যানের হাতে অর্পণ করেছে। নিয়ম অনুযায়ী, মনোনীত প্রার্থীর পক্ষে এখন প্রস্তাবক ও সমর্থক প্রয়োজন।

সূত্রটি আরও জানায়, সম্ভবত প্রস্তাবক ও সমর্থক নির্বাচনের বিষয়েই জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন দলীয় প্রধান। যেহেতু রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সম্মানজনক পদ, তাই প্রস্তাবক ও সমর্থক হিসেবে যাঁদের নাম থাকবে, তাঁদের গুরুত্ব ও অবস্থান সে অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। ধারণা করা হচ্ছে, এই বিষয়টি বিবেচনা করেই স্থায়ী কমিটি বা জ্যেষ্ঠ নেতাদের এই বৈঠক ডাকা হয়েছে। সাধারণত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গুলশানে দলীয় কার্যালয়ে হলেও এবারের বৈঠকটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হবে।

বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও, দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। তিন দিন আগে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছে যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন। এছাড়া গত শনিবার মনোনয়নপত্রের জন্য প্রয়োজনীয় সম্মতিসূচক বিবৃতিতে মির্জা ফখরুল সই করেছেন বলেও ওই সূত্র জানিয়েছে।

এদিকে রাষ্ট্রপতি পদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য বিএনপির সাবেক নেতা এবং বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামীকাল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ আগস্ট বৃহস্পতিবার এই পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি, যা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। তবে ইসি সূত্র জানিয়েছে, একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং যেকোনো একটি বৈধ হলেই প্রার্থী হিসেবে বিবেচিত হওয়া যায়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও তাঁর দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।