নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণবোঝাই একটি বলগেট ডুবে মো. সাবের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বলগেটে থাকা আরও সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (১২ আগস্ট) হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী রোহিঙ্গা ক্যাম্পের ভাসান চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাবের চট্টগ্রামের কর্ণফুলি থানার আবু আলীর ছেলে। তিনি ওই বলগেটের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের মুক্তকণ্ঠকে বলেন, "বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই এমভি তানিম হাতিয়ার উদ্দেশে রওনা হয়। পথে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা ক্যাম্পের ভাসান চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে পৌঁছালে বলগেটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলারের সহযোগিতায় বলগেটে থাকা আট মাঝি-মাল্লাকে উদ্ধার করে তীরে নেওয়া হয়। তবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত বলগেটটি সম্পূর্ণ তলিয়ে গেছে। দুপুরের দিকে বাবুর্চি মো. সাবেরকে চট্টগ্রামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

এদিকে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল মুক্তকণ্ঠকে জানান, "দুর্ঘটনার বিষয়টি তাদের জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"