কিষোয়ান–মুক্তকণ্ঠ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬–এর পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন ইলেকট্রিক বাইক (ই–বাইক), শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজসহ নানা উপহার।

মেগা কুইজে ১০ জন এবং প্রতিদিনের কুইজে ২০ জন বিজয়ীর মধ্যে ১৯ জনের হাতে আজ বুধবার পুরস্কার তুলে দেওয়া হয়। বাকিজন অনুপস্থিত ছিলেন।

আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন আয়োজকেরা।

পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু এবং মামুনুল ইসলাম, মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এ এইচ এম আবদুর রহমান এবং গ্রুপের ইনচার্জ (করপোরেট মার্কেটিং) মুহাম্মদ নুরুল কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তকণ্ঠের মহাব্যবস্থাপক (সার্কুলেশন–সেলস) অরূপ কুমার ঘোষ, মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

বিশ্বকাপ ফুটবল চলাকালে কিষোয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও মুক্তকণ্ঠের উদ্যোগে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেগা কুইজের প্রথম পুরস্কার ই–বাইক জিতেছেন চট্টগ্রামের সোহেল আহমেদ। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘২০২২ সালেও কুইজে অংশ নিয়েছিলাম। তখন ছোটখাটো পুরস্কার পেয়েছিলাম। এবার প্রথম পুরস্কার পেলাম। সত্যিই অনেক আনন্দিত। যাঁরা এই কুইজের আয়োজন করেছেন, তাঁদের ধন্যবাদ।’

মেগা কুইজের দ্বিতীয় পুরস্কার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) জিতেছেন চট্টগ্রামের অহনা। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর বাবা। তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ পেয়েছেন নারায়ণগঞ্জের তামান্না। তিনি বলেন, ‘বিশ্বকাপ মানেই নতুন এক আয়োজন। সেই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে এ ধরনের কুইজ। নিয়মিত কুইজের উত্তর পাঠাতাম। পুরস্কার পেয়ে খুব আনন্দিত।’

এ ছাড়া মেগা কুইজের আরও সাতজন বিজয়ীও অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। তাঁরা হলেন ঢাকার নুরুল আহাদ (স্মার্ট টিভি), চট্টগ্রামের আকবর আলী (ওভেন), চট্টগ্রামের আবরার (স্মার্টফোন), ঢাকার রাব্বী (এয়ার ফ্রায়ার), ঢাকার মো. বিপ্লব (চার্জার ফ্যান), চট্টগ্রামের এস এম নাসির উদ্দীন (ব্লেন্ডার) এবং নারায়ণগঞ্জের রুমা (ইলেকট্রিক আয়রন)।

এদিকে অনুষ্ঠানে প্রতিদিনের কুইজে বিজয়ী ১৯ জনের হাতে একটি করে স্মার্টফোন তুলে দেওয়া হয়।