রাষ্ট্রযন্ত্র থেকে দলীয়করণ দূর করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের প্রশাসনে নিয়োগ দেওয়ার কথা বলেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তার মতে, যার হাতে দেশ ও প্রশাসন নিরাপদ থাকবে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত।
সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে খোকন তালুকদার বলেন, "বিএনপি রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের ঘোর বিরোধী এবং ভবিষ্যতে তারা এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়।"
প্রশাসনের আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রশাসনকে এমনভাবে সাজাতে হবে, যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে নিরাপদ বোধ করে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পায়।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি জানান, তারেক রহমান কখনোই দলীয়করণের পক্ষে নন। বরং তিনি যোগ্য ও দক্ষ ব্যক্তিদের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন এবং প্রশাসনে মেধাভিত্তিক দায়িত্ব বণ্টনের পক্ষে।
খোকন তালুকদার মনে করেন, নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন দ্রুততর হবে। বিগত সরকারের আমলের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "বিগত সরকারের সময়ে প্রশাসনে যে দলীয়করণ হয়েছে এবং যে আবর্জনা জমেছে, সেখান থেকে বের হয়ে আসতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন।"
পরিশেষে তিনি বলেন, "একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।"