ওয়ালটন-মুক্তকণ্ঠ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর মেগা ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি এয়ারকন্ডিশনার (এসি) জিতেছেন চট্টগ্রামের অভিজিত চক্রবর্তী। আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠ কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কারগুলো হস্তান্তর করা হবে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুক্তকণ্ঠ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সারা দেশের পাঠকেরা পত্রিকার পাতা থেকে কুপন কেটে তাদের উত্তর পাঠিয়েছিলেন। জমা পড়া সেই কুপনগুলোর মধ্য থেকে আজকের মেগা ড্রর মাধ্যমে মোট চারজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
পুরস্কার বিজয়ীদের মধ্যে দ্বিতীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর জিতেছেন চট্টগ্রামের আবরার মাসুদ। তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার আবদুল এবং চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন চট্টগ্রামের শারমিন। ড্র অনুষ্ঠানের পরপরই বিজয়ীদের মুঠোফোনে কল করে এই সুখবর জানানো হয়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বিজয়ীদের কুপনগুলো নির্বাচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, মুক্তকণ্ঠের মহাব্যবস্থাপক (সার্কুলেশন-সেলস) অরূপ কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।