জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের রক্ত ও কষ্টের যথাযথ মূল্যায়ন করে প্রতিষ্ঠান ও দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনাদের ওপর যে জুলুম হয়েছে, সেই জুলুমের কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেই জুলুম পেরিয়ে এখন আমরা মুক্তির পথে এসেছি। জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ৫৫ বছরের ইতিহাসে দেশের যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেখানে শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের ভূমিকা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, এই আন্দোলনে অনেক পরিবার ধ্বংস হয়েছে এবং অনেক কর্মক্ষম মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে ছাত্র ও শ্রমিক-কর্মচারীরা ছিলেন। দেশের শ্রমিক-কর্মচারী ও তাদের নেতৃবৃন্দ আন্দোলনের সবচেয়ে ঘনিষ্ঠ অংশ হিসেবে ভূমিকা রেখেছেন বলে তিনি দাবি করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানে সবার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। একটি নিশ্চয়তা দেওয়া যায়—বিএনপি সরকার আপনাদের সার্বিক পরিচালনা ও উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়নে কাজ করবে।’

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানির কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন এবং তা সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠানটিকে লাভজনক করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন সাধন করতে হবে। সবাইকে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের বাইরে কেউ নাই। সরকার আপনাদের, চেয়ারম্যান আপনাদের—সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন কখনো আওয়ামী স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। এটাই সত্যি। সেই সংগ্রামের রক্ত, রাজপথের রক্ত, কষ্টের রক্ত—এটা সামান্য কোনো ব্যাপার না।’

দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত হওয়ার আগে আমাদের উঠে দাঁড়াতে হবে। কারণ, প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ—সেটা গণতন্ত্রের চ্যালেঞ্জ, দেশের চ্যালেঞ্জ এবং মানুষের স্বার্থ। সেজন্য আমাদের প্রধানমন্ত্রীকে পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আগে ছিলাম, এখনো আছি। একটি সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি হওয়ার পথে একসঙ্গে আমরা থাকব।’

বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।