ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটটি বোমাটি নিষ্ক্রিয় করে। ওই সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন মুক্তকণ্ঠকে জানান, বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট আসে। বেলা ৩টা ২৮ মিনিটের দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

এসআই ইমরান হোসেন জানান, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তাঁরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আজ বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট আসে। এরপর তারা বোমা নিষ্ক্রিয় করে।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘অনেক আগেই আমাদের ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া উড়তে দেখি।’