জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। নির্ধারিত লক্ষ্যমাত্রার ২১১.৫ শতাংশ কাজ সম্পন্ন করে উপজেলার তালিকায় শীর্ষস্থান দখল করেছে গলাচিপা। মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের লক্ষ্য করে এই কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় (স্থানীয় সরকার বিভাগ) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে জেলাভিত্তিক ক্যাটাগরিতে ১১৩.৯ শতাংশ সাফল্য অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা, যাদের সাফল্যের হার ১০৩.৬ শতাংশ।
উপজেলা ক্যাটাগরিতে পটুয়াখালীর গলাচিপায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, যার বিপরীতে অর্জিত হয়েছে ৬৩৭টি। অন্যদিকে, মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ১১৬টির লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ৩১৮টি (মৃত্যু নিবন্ধনে অর্জন ২৭৪%)। গড়ে ২১১.৫ শতাংশ অর্জনের মাধ্যমে গলাচিপা উপজেলা দেশসেরা হয়েছে। এই তালিকায় ১৩০ শতাংশ অর্জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলার দাকোপ উপজেলা।
বিভাগভিত্তিক ফলাফলে ৭৭.৫ শতাংশ অর্জনের মাধ্যমে দেশসেরা হয়েছে বরিশাল বিভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর বিভাগ, যাদের অর্জনের হার ৬৫.৮ শতাংশ।
এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, "দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। মূলত জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। টিম লিডার হিসেবে আমি বিষয়টি তদারকি করেছি মাত্র। সবাইকে একই সুতোয় বাঁধতে পেরেছি বলেই আজকের এই সফলতা।"
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, "এই সাফল্যের অবদান পুরো জেলা প্রশাসন ও স্থানীয় সরকার কাঠামোর। তৃণমূলের গ্রাম পুলিশ থেকে শুরু করে ডিডিএলজি পর্যন্ত সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন।"
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আহসান হাবিব বলেন, "বিভাগ, জেলা ও উপজেলা—তিনটি ক্যাটাগরিতেই আমাদের বরিশাল অঞ্চলের প্রথম হওয়া অত্যন্ত আনন্দের খবর। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে জেলা প্রশাসক ও ইউএনওদের নিরলস প্রচেষ্টাতেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।"
উল্লেখ্য, এর আগেও পরপর দুই মাস জন্ম-মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন আবুজর মো. ইজাজুল হক। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে দুমকী উপজেলায় কর্মরত থাকাকালীন তার নেতৃত্বেই দুমকী বর্ষসেরা উপজেলার স্বীকৃতি লাভ করেছিল।