রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম সাদেক এবং তার বাড়ি কুষ্টিয়ায়। গত ৯ আগস্ট হামজনিত জটিলতায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে পাঁচজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে তিনজন বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে আরও ২৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে, যাদের অধিকাংশই শিশু। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও পানিশূন্যতা দেখা দিলে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত শিশুকে অন্যদের থেকে আলাদা করে চিকিৎসকের কাছে নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে এই রোগ মারাত্মক রূপ নিতে পারে।

শিশুদের একের পর এক আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুর জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ বা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিতে। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।