দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারায় চাঁপাইনবাবগঞ্জের দুটি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ডের এই শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো গোমস্তাপুর উপজেলার গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসা এবং নাচোল উপজেলার বকুলতলা দাখিল মাদ্রাসা। সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের সুপারদের এই নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়ার উপযুক্ত কারণ দর্শাতে আগামী ১৭ আগস্ট ওই দুই মাদ্রাসা প্রধানকে বোর্ডে স্বশরীরে উপস্থিত হতে হবে।
গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, গোমস্তাপুরের গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসা থেকে মোট ১৬ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পরীক্ষায় অংশ নেন এবং তারা সবাই অকৃতকার্য হন। অন্যদিকে, নাচোলের বকুলতলা দাখিল মাদ্রাসার ৫ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২ জন পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন।
পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর এমন অকৃতকার্য হওয়ার ঘটনাকে প্রাতিষ্ঠানিক তদারকি ও শিক্ষার মানের চরম ঘাটতি হিসেবে দেখছেন স্থানীয়রা। নামমাত্র পরীক্ষার্থী দিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যকারিতা ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।