ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ‘মিউজ গ্লিমার’ নামের একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মুক্ত করেছে। তিন হাজার কোটি প্যারামিটারযুক্ত এই মডেলটি সরাসরি কম্পিউটারে ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সহজেই এআই এজেন্ট তৈরি করতে সক্ষম। বিশেষ বৈশিষ্ট্য হলো, এআই এজেন্ট তৈরির জন্য এখন আর ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হবে না।
মিউজ গ্লিমারের অন্যতম প্রধান বিশেষত্ব হলো এটি সরাসরি ব্যবহারকারীর কম্পিউটারে চালানো সম্ভব। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের বড় এআই মডেলগুলো ব্যবহারকারীর অনুরোধ প্রথমে ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠায়। তবে মিউজ গ্লিমার সেই প্রক্রিয়টি কম্পিউটারেই সম্পন্ন করতে পারে, যার ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত থাকে। এছাড়া ইন্টারনেট সংযোগ না থাকলেও মডেলটি নির্দিষ্ট কিছু কাজ করতে পারবে।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, মিউজ গ্লিমারকে সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়নি; এটি মূলত একটি ‘এজেন্টিক’ এআই মডেল। এর ফলে মডেলটি একাধিক ধাপে কাজের পরিকল্পনা করার পাশাপাশি সেগুলো বাস্তবায়নে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারের পাশাপাশি কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা এবং ত্রুটি সংশোধনের ক্ষমতা রয়েছে এই মডেলে।
এই মডেলের মাধ্যমে ডেভেলপাররা এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যা কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। নতুন এই এআই মডেলটি সম্পর্কে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “মেটা ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার সমর্থন করে। আর তাই মডেলটি উন্মুক্ত করতে পেরে মেটা গর্বিত।”