সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী গোলাম রফিক ওরফে রশিদ (৫২) এবং তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামের বাসিন্দা গোলাম রফিক তার দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম রফিক জেসমিনের পেটে ও মাথায় প্রচণ্ড আঘাত করেন এবং তার মাথার চুল কেটে ফেলেন। গুরুতর আহত অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, "নিহতের শরীরে অমানবিক নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ থেকে তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।" তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।