বাংলাদেশ উশু ফেডারেশন সম্প্রতি ৯৩টি নিবন্ধিত ক্লাবের জন্য নিবন্ধন সনদপত্র প্রদান করেছে এবং তাদের নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করেন সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলও বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উশু খেলার অগ্রগতি ও তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার সম্পর্কে আলোচনা করেন এবং নিবন্ধিত ক্লাবগুলোর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ সুগম হবে।"
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, "৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান উশু ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।" তিনি দেশের সকল ক্লাবকে উশু খেলার উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয় এবং উশু ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা, বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উশু ফেডারেশন আশা প্রকাশ করে যে, নিবন্ধিত ক্লাবগুলোর সমন্বিত প্রয়াস ও নতুন প্রশাসনিক পরিবেশ দেশে মানসম্পন্ন খেলোয়াড় তৈরির ধারা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।