নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে গিয়ে পুলিশ পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিবাদীদের চালানো এই হামলার ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল তিনটার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমেদ স্কুল সড়কে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, কনস্টেবল আবু ইউসুফ এবং গাড়িচালক ইছাক শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ‘দারুল এহসান’ মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার থানায় একটি লিখিত আবেদন করেন। সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯ থেকে ১০ জনকে আসামি করে করা ওই আবেদনে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিকেলে কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ওই এলাকায় তদন্তে যায়। তদন্ত শেষে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলে পুলিশ যখন ফিরে আসছিল, তখন বাদী নুরুল আবসার পুলিশকে মুঠোফোনে জানান যে, বিবাদীরা পুনরায় মাদ্রাসায় ঢুকে ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের কাছে ভাঙচুরের কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এসময় ইট ও লাঠির আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, "পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"