চীনের লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি হাইফিউচার ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট যন্ত্রাংশ বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রাথমিক পর্যায়ে দেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার এবং হেডফোন বাজারজাত করা হবে। পরবর্তীতে ব্র্যান্ডটির আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল পণ্য বাংলাদেশের বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাইফিউচার বিজনেস বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম বলেন, ‘হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। মাত্র চার বছরে এই ব্র্যান্ড বিশ্বের ৯০টি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের নকশা, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে হাইফিউচার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচারের পণ্য সহজলভ্য করা হবে।’

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের তথ্যমতে, হাইফিউচার ব্র্যান্ডের প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশের আইটি ও ইলেকট্রনিকস মার্কেট এবং শোরুমে এসব পণ্য কেনার সুযোগ মিলবে।