আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদে এক বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান।
ইসি সচিব জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং ভোটগ্রহণ শেষ হলে তাৎক্ষণিকভাবেই ফলাফল জানানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এদিন সংসদ ভবনে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, "রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না।"
তিনি আরও জানান, "রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত।"
সরকারি দলের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, "সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।"
নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিস্তারিত আলোচনার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মণি বলেন, "সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।"
গণমাধ্যমের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, "রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।"
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে, তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত থাকবেন এবং সংসদ সচিবালয় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এদিন সকালে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন ইসি সচিব আখতার আহমেদ। ওই বৈঠকে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন।
এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, "জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটা আমাদের জন্য দুঃখজনক এবং হতাশাজনক।"