দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নতুন মডেলের ফোন নিয়ে এসেছে রিয়েলমি। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘সি১০০এক্স’-এ ব্যবহার করা হয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, যার ফলে একবার পূর্ণ চার্জ দিলে টানা ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা সম্ভব। এছাড়া ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং প্রযুক্তির সমন্বয়ে ফোনটি দ্রুত চার্জ করা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি বাংলাদেশ এসব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস পর্দা। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় এতে উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যাবে। স্থায়িত্বের জন্য এতে যুক্ত করা হয়েছে আর্মরশেল প্রটেকশন এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, যা ফোনটিকে ধুলাবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষিত রাখে।
শব্দ অভিজ্ঞতার জন্য এতে আলট্রাবুম সাউন্ডসিস্টেম ব্যবহার করা হয়েছে, যা গান ও ভিডিওর ক্ষেত্রে স্পষ্ট শব্দ নিশ্চিত করে। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি এআইনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করায় ফোনটি ব্যবহার করা আরও সহজ হবে বলে জানানো হয়েছে।
১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ এই ফোনটি ৪ ও ৬ গিগাবাইট র্যামের দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটির দাম নির্ধারিত হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা। এছাড়া দারাজে রিয়েলমির স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইনের আওতায় শিক্ষার্থীরা ফোনটি কিনলে ২ হাজার টাকা ছাড় পাবেন।