নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছ শিকার করার সময় নৌকা থেকে পড়ে শহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের হালতি বিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শহিদুল ইসলাম সাধু নাটোরের সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের হবিবুর রহমান হবির ছেলে।

নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম সাধু ও তার বাবা প্রতিদিনের মতো গত গভীর রাতে নৌকা নিয়ে হালতি বিলে মাছ ধরতে যান। সারা রাত মাছ শিকার করার পর আজ সকালে অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে বিলে পড়ে যান শহিদুল।

ঘটনার পর স্থানীয়রা বিলে নেমে তল্লাশি শুরু করেন এবং একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।