ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। এরপর তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে।
ভোরে ওই নারী পুনরায় হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
আটককৃতরা হলেন—ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী সিকদারের ছেলে মো. বেলাল সিকদার এবং বাসণ্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, "ওই নারী আগে থেকে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে ভর্তি নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।"
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, "ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"