ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

কোম্পানিটি জানিয়েছে, গতকাল সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী-৩৭ মৌজায় অবস্থিত এই জমিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক ঘোষণায় বলা হয়েছে, "কোম্পানির নামে এই জমি কেনা হবে। জমির মালিক জামান মিয়া, মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও অন্যদের কাছ থেকে এই জমি কেনা হবে। ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে এ জমি ব্যবহার করা হবে।"

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, জমি নিবন্ধনের ভ্যাট, করসহ আনুষঙ্গিক যাবতীয় খরচ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বহন করবে। উল্লেখ্য, চলতি বছর নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে পৌনে ৫৮ লাখ টাকায় সোয়া ১৯ শতাংশ জমি কিনেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসা সম্প্রসারণের এই খবরের প্রভাবে আজ ডিএসইতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। লেনদেনের সময় শেয়ারটির সর্বোচ্চ দাম ছিল ১৫৪ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ১৫২ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি ২০২৫ সালে ৩০ শতাংশ, ২০২৪ সালে ১০ শতাংশ ও ২০২৩ সালে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে 'এ' শ্রেণিভুক্ত। দেশের বিস্কুট ও কনফেকশনারি পণ্যের বাজারে এই কোম্পানির বড় অংশ রয়েছে। বিশেষ করে এনার্জি, নাটি, টিপ ও লেক্সাসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও ব্যাটারির জন্য কোম্পানিটি পরিচিত।

গত অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪১ পয়সা, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ টাকা ৬ পয়সা।

বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। গত ৩১ জুলাই পর্যন্ত হিসাব অনুযায়ী, মোট শেয়ারের ৩৭ দশমিক ৩৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৮৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে।