বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে দেশে তৈরি ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনার (এসি) বাজারে আনার ঘোষণা দিয়েছে আইটেল। প্রতিষ্ঠানটির দাবি, এই এসি সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম, যা দৈনন্দিন ব্যবহারে বিদ্যুৎ খরচ কমিয়ে আনবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের জনপ্রিয়তার পর এবার কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে নিজেদের বিস্তার ঘটাচ্ছে আইটেল। তাদের এই নতুন এয়ার কন্ডিশনারটিতে ব্যবহার করা হয়েছে উন্নত ডিসি ইনভার্টার প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করা যায়, ফলে কম্প্রেসর বারবার চালু বা বন্ধ হওয়ার প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।
বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা মোকাবিলায় এতে যুক্ত করা হয়েছে 'ট্রিপল ভোল্টেজ কেয়ার' প্রযুক্তি। এর ফলে ভোল্টেজের আকস্মিক পরিবর্তন হলেও এসি সচল থাকে এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশের কোনো ক্ষতি হয় না। গ্রাহক সেবার অংশ হিসেবে এই এসি-র কম্প্রেসরে ১২ বছর এবং অন্যান্য যন্ত্রাংশে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এছাড়া পাঁচ বছর বিনা মূল্যে মেরামতের সুবিধাও থাকছে।
আগস্ট মাসের শেষ নাগাদ পণ্যটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। তবে আগ্রহী গ্রাহকরা এখন থেকেই আইটেলের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে আগাম ফরমাশ দিয়ে রাখতে পারবেন।
এ প্রসঙ্গে আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার ডনসিয়ন বলেন, "বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এয়ার কন্ডিশনারটি তৈরি করা হয়েছে, যাতে আরও বেশি পরিবার কম খরচে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারে।"