রোমা ও অ্যাস্টন ভিলার আগ্রহের মুখে রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ক্লাবেই থাকছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিক। কোচ হোসে মরিনহোর বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টটি। চলতি দলবদলে তাকে বিক্রি করা কিংবা ধারে পাঠানোর কোনো পরিকল্পনা নেই রিয়ালের।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এন্দ্রিককে দলে রাখার বিষয়ে মরিনহো অত্যন্ত দৃঢ়। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামর্থ্য দেখে সন্তুষ্ট পর্তুগিজ কোচ। তাকে কেবল কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবেই নয়, আক্রমণভাগের ডান প্রান্তেও খাটানোর পরিকল্পনা করেছেন তিনি। এই কারণে ইউরোপের বেশ কিছু ক্লাব আগ্রহ দেখালেও এন্দ্রিককে নিয়ে কোনো আলোচনায় বসেনি রিয়াল মাদ্রিদ।
নতুন মৌসুমে এন্দ্রিককে ৯ নম্বর জার্সি প্রদান করেছে ক্লাবটি। এই ইতিবাচক সংকেতের পর রিয়ালে নিজের জায়গা করে নিতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান তরুণ। ১ সেপ্টেম্বর ইউরোপের দলবদলের সময়সীমা শেষ হলেও বর্তমান পরিস্থিতিতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা ক্ষীণ।
গত মৌসুমের প্রথমার্ধে জাবি আলোনসোর অধীনে পর্যাপ্ত সুযোগ পাননি এন্দ্রিক। মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন একটি ম্যাচে। নিয়মিত খেলার সুযোগ পেতে জানুয়ারিতে ফরাসি ক্লাব লিওঁতে ধারে যোগ দেন তিনি। ফ্রান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে আটটি গোল করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই ফরোয়ার্ড, যেখানে অধিকাংশ ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন।
লিওঁতে যাওয়ার আগে কার্লো আনচেলত্তির অধীনে রিয়ালের হয়ে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচে সাতটি গোল করেছিলেন এন্দ্রিক, তবে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন মাত্র আটটি ম্যাচে। মরিনহোর অধীনে এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করছেন তিনি।
এন্দ্রিকের ঘনিষ্ঠদের মতে, বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জাবির কাছ থেকে নিয়মিত সুযোগের নিশ্চয়তা না পেলেও মরিনহো তার ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো ব্রাজিলিয়ান তারকাদের রিয়ালে প্রতিষ্ঠিত হতে সময় লেগেছিল, এন্দ্রিকও সেই একই পথ অনুসরণ করতে আগ্রহী।
আগামী ২২ আগস্ট এসপানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথমার্ধে এন্দ্রিক কতটা সুযোগ পান, তার ওপর ভিত্তি করে জানুয়ারিতে পুনরায় তার ভবিষ্যৎ মূল্যায়ন করা হতে পারে। তবে আপাতত মরিনহোর পরিকল্পনার অংশ হিসেবেই মাদ্রিদে থাকছেন এই তরুণ ফুটবলার।