৯ উইকেটে পরাজয়ের পর স্টিভ স্মিথ সরাসরিই ম্যাচের ফলের ব্যাখ্যা দেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার চেয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সই বেশি প্রাধান্য পেয়েছে।

এবিসি স্পোর্টকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথের মতে, ম্যাচের শুরুতেই ব্যবধান তৈরি করে বাংলাদেশ। প্রথম দিন সকালেই বাংলাদেশের বোলিংয়ে চাপ তৈরি হয় এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলে উঠতে পারেননি। তিনি বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা উন্নতি করলেও ততক্ষণে সময় চলে গিয়েছিল। স্মিথ বলেন, প্রথম ইনিংসের লিডই মূল পার্থক্য গড়ে দেয়। তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ক্যামেরন গ্রিন। তবে দলের বাকি ব্যাটসম্যানরা তাঁকে যোগ্য সমর্থন দিতে পারেননি। স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

পরাজয়কে বড় করে দেখতেও চান না স্মিথ। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’