দেশ ও বিদেশের শ্রমবাজারে তরুণ মেধাবীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিনামূল্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।

বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধরে নিজস্ব অর্থায়নে আইটি প্রফেশনালস ট্রেইনিং প্রোগ্রাম পরিচালনা করে আসছে। বর্তমান চাকরির বাজারের চাহিদার কথা মাথায় রেখে এসব কোর্স সাজানো হয়েছে, যেখানে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করা হয়েছে। তাদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি সংস্থায় সফলভাবে কর্মরত আছেন।

নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের আন্তর্জাতিক মানের প্রফেশনাল কোর্স করার সুযোগ পাবেন। এছাড়া কোর্স সফলভাবে সম্পন্ন করা উত্তীর্ণদের জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে দেশি-বিদেশি সংস্থায় সরাসরি কর্মসংস্থানের সহায়তা প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে পূর্ববর্তী কোনো রাউন্ডের কোর্সে যারা ইতোমধ্যে যোগদান করেছেন, তারা পুনরায় আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য, চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য সব ধরনের ক্লাস কেবল ঢাকায় পরিচালিত হবে।

স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের জন্য কোর্সসমূহ:
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ:
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর।