ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে কোনো জল্পনার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
এর আগে, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গত রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছান পরাগ জৈন। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
একজন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, এটি একটি নিয়মিত সফর। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশে সফর করে থাকেন। এসব সফরের মাধ্যমে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে থাকে।
পরাগ জৈন ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকায় আসার আগে তিনি চীন সফর করেছেন বলেও জানা গেছে।