বার্সেলোনার জার্সিতে খেলার ইচ্ছা থেকে একচুলও সরছেন না আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। নিজের ভবিষ্যৎ নির্ধারণে এজেন্টদের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকের পর এই ফরোয়ার্ড আবারও স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি বার্সেলোনাতেই যেতে চান। তবে তার এই ইচ্ছার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, সোমবার এজেন্টদের সঙ্গে বৈঠকে আতলেতিকোর সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন আলভারেজ। কারণ, তার ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হয়নি মাদ্রিদের এই ক্লাবটি।

ছুটি কাটিয়ে সোমবার আতলেতিকোয় ফিরেছেন আলভারেজ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করেছেন। তার প্রত্যাশা ছিল, এরপর ক্লাবের কর্তাদের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। কিন্তু আতলেতিকোর অবস্থান অত্যন্ত কঠোর; তাদের মতে, এ বিষয়ে আলোচনার মতো কোনো সুযোগ নেই।

আলভারেজের বিশ্বাস, সব পক্ষের জন্যই দলবদলই হবে সবচেয়ে কার্যকর সমাধান। দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখছেন তিনি। হানসি ফ্লিকের অধীনে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার দলের অংশ হতে আগ্রহী।

বার্সেলোনাও অনেক আগে থেকেই তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। কয়েক সপ্তাহ আগে কাতালান ক্লাবটি আলভারেজের জন্য ১০ কোটি ইউরোর একটি প্রস্তাব পাঠিয়েছিল, যা সরাসরি প্রত্যাখ্যান করে আতলেতিকো। ক্লাবের দাবি, আলভারেজকে ছাড়তে হলে তার ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।

পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিজের প্রতিনিধিদের সঙ্গে নতুন কৌশল নির্ধারণ করেছেন আলভারেজ। গত সপ্তাহে তার এজেন্টরা বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গেও বৈঠক করেছেন। তবে ক্লাব ছাড়ার জন্য অনুশীলন বর্জন বা ধর্মঘটের মতো কোনো চরম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না তিনি। বরং আলোচনার মাধ্যমেই আতলেতিকোকে রাজি করাতে চান আলভারেজ।

আক্রমণভাগ শক্তিশালী করতে বার্সেলোনার প্রথম পছন্দ হিসেবেই রয়েছেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। এখন দেখার বিষয়, আলভারেজের প্রবল ইচ্ছার সামনে আতলেতিকোর এই কঠোর অবস্থান পরিবর্তিত হয় কি না।