গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত অভি বিশ্বাস ওই গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। তিনি বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অভি জানতে পারে যে সে অকৃতকার্য হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে চরম হতাশায় ভেঙে পড়ে সে এবং একপর্যায়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"