আসন্ন মৌসুমের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবে যোগ দেওয়া ছয় ফুটবলারই পেয়েছেন নতুন নম্বর। ক্লাবটির রেকর্ড সাইনিং ইয়ান দিয়োমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি। অন্যদিকে, লিওঁ থেকে ধারের মেয়াদ শেষে ফিরে আসা এন্ড্রিক আবারও ৯ নম্বর জার্সিটি পেয়েছেন।
হোসে মরিনহোর অধীনে ২০২৬-২৭ মৌসুমের কথা মাথায় রেখে দল পুনর্গঠন করেছে রিয়াল। এই গ্রীষ্মে দিয়োমান্দের পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে, বার্নার্দো সিলভা এবং কার্লোস এসপি।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, আরবি লাইপজিগ থেকে আসা আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দে পরবেন ২৫ নম্বর। জার্মান ক্লাবটিতে তিনি ৪৯ এবং লেগানেসে ৩০ নম্বর জার্সি পরেছিলেন। জাতীয় দলে সাধারণত ১১ নম্বর পরলেও রিয়ালে সেই নম্বরটি রদ্রিগোর দখলে থাকায় ২৫ নম্বর বেছে নিয়েছেন তিনি।
নতুনদের মধ্যে ইব্রাহিমা কোনাতে পেয়েছেন ১৬ নম্বর, যা গত মৌসুমে ছিল গনসালো গার্সিয়ার। চেলসি থেকে আসা মার্ক কুকুরেয়া পরবেন ১৭ নম্বর, যা আগে রাউল আসেনসিওর ছিল। ইন্টার মিলান থেকে আসা ডেনজেল ডামফ্রিস পেয়েছেন ২৪ নম্বর, যা গত মৌসুমে ব্যবহার করেছিলেন ডিন হুইসেন। ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা বার্নার্দো সিলভা পরবেন ২০ নম্বর জার্সি, যা আগে ছিল রিয়াল বেতিসে যাওয়া ফ্রান গার্সিয়ার। এছাড়া দানি সেবায়োসের বিদায়ের পর খালি হওয়া ১৯ নম্বর জার্সিটি বরাদ্দ করা হয়েছে কার্লোস এসপির জন্য।
নতুনদের পাশাপাশি পুরোনো কিছু খেলোয়াড়ের নম্বরেও পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক দানি কারভাহাল চলে যাওয়ায় তার ২ নম্বর জার্সি এখন পরবেন আসেনসিও। গত জুনে ডেভিড আলাবার বিদায়ের পর ৪ নম্বর জার্সিটি পেয়েছেন হুইসেন।
সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এন্ড্রিককে ঘিরে। গত মৌসুমের জানুয়ারিতে ধারে লিওঁতে যাওয়ার আগে রিয়ালের ৯ নম্বর জার্সি পরেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্প্যানিশ ক্লাবটিতে ফিরে তিনি আবারও সেই নম্বরটিই ফিরে পেয়েছেন।
মূল দলের অনুশীলন পরিকল্পনায় থাকা তরুণ মিডফিল্ডার থিয়াগো পিতার্চের জার্সি নম্বর হবে ২৭, যদিও গত মৌসুমে তিনি ৪৫ নম্বর পরেছিলেন। কাস্তিয়ার নিবন্ধন নিয়ে মৌসুম শুরু করতে পারেন তিনি, তবে তাঁকে ধারে পাঠানোর সম্ভাবনাও বিবেচনা করছে রিয়াল।
অন্যদিকে, দলের তারকাদের আগের নম্বরগুলো অপরিবর্তিত থাকছে। কিলিয়ান এমবাপ্পে ১০, ভিনিসিয়ুস জুনিয়র ৭, জুড বেলিংহাম ৫ এবং রদ্রিগো ১১ নম্বর জার্সিতেই খেলবেন।
রিয়াল মাদ্রিদের পূর্ণ জার্সি তালিকা:
গোলরক্ষক: ১ থিবো কোর্তোয়া, ১৩ আন্দ্রি লুনিন।
ডিফেন্ডার: ২ রাউল আসেনসিও, ৩ এদের মিলিতাও, ৪ ডিন হুইসেন, ১২ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ১৬ ইব্রাহিমা কোনাতে, ১৭ মার্ক কুকুরেয়া, ১৮ আলভারো কারেরাস, ২২ আন্তোনিও রুডিগার, ২৩ ফেরলাঁ মেন্দি, ২৪ ডেনজেল ডামফ্রিস।
মিডফিল্ডার: ৫ জুড বেলিংহাম, ৬ এদুয়ার্দো কামাভিঙ্গা, ৮ ফেদেরিকো ভালভের্দে, ১৪ অরেলিয়াঁ চুয়ামেনি, ১৫ আরদা গুলের, ২০ বের্নার্দো সিলভা, ২৭ থিয়াগো পিতার্চ।
ফরোয়ার্ড: ৭ ভিনিসিয়ুস জুনিয়র, ৯ এন্ড্রিক, ১০ কিলিয়ান এমবাপ্পে, ১১ রদ্রিগো, ১৯ কার্লোস এসপি, ২১ ব্রাহিম দিয়াস, ২৫ ইয়ান দিয়োমান্দে।
দলবদলের বাজার বন্ধ হতে এখনো প্রায় এক মাস বাকি থাকায় নতুন কোনো ফুটবলারের অন্তর্ভুক্তি বা বর্তমান দলের কারো বিদায়ের ফলে এই তালিকায় পুনরায় পরিবর্তন আসতে পারে।