চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১০ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে।
কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলেও সেটি অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এরপর ধাওয়া করে বোটটি আটক করা হয় এবং তল্লাশিতে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানিয়েছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফলে মাদকের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, বোট এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।"