ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে মো. মোস্তফা আলী ওরফে আকাশ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে ডিবি পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের দাবি, মোস্তফা আলী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা এবং কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা রয়েছে। এছাড়া পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা মুলতবি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত মো. মোস্তফা আলী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মো. মোবারক আলীর ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার একটি মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশের তথ্যমতে, মোস্তফা আলী দীর্ঘদিন ধরে মাদক কারবার ও প্রতারণার সঙ্গে জড়িত। একসময় তিনি গাজীপুরে অবস্থান করে মাদক কারবারের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন। পরবর্তীতে গোপনে হরিপুর ও রানীশংকৈল থানা এলাকাসহ নিজ এলাকা পীরগঞ্জে অবস্থান করে মাদক ও প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। বিশেষ করে নকল স্বর্ণের মূর্তিসহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের দাবি, তার ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পেতেন না।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল মুক্তকণ্ঠকে বলেন, "অপরাধী যতই কৌশলী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বদা তৎপর রয়েছে।"