সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ও সংরক্ষিত এলাকায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রবেশ করায় তিনটি হাউসবোটকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা অংশে পরিচালিত ওই অভিযানে সেভেন স্টার, বঙ্গতরী ও প্রভাত করের বোটসহ তিনটি হাউসবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ এবং পরিবেশ দূষণের অভিযোগে এই তিনটি বোটের কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাউসবোটগুলোকে হাওরের নির্ধারিত পথ অনুসরণ করে চলাচলের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম এবং তাহিরপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, "টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছিল। এই তিনটি হাউসবোট সেসব শর্ত অমান্য করায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন হাওরে বর্জ্য ফেলা বন্ধ করা এবং পরিবেশ সুরক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে পর্যটক ও কর্মীদের মাঝে পরিবেশ সংরক্ষণবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। এর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনাবলি মেনে চলার আহ্বান জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।