রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী থেকে বিতর্কিত একটি শিল্পকর্ম সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলা ওই ছবিটিকে কেন্দ্র করে ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১০ আগস্ট) দুপুরে ছবিটি সরিয়ে ফেলা হয়।
সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোববার থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থান: রং-তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর শুরু থেকেই একটি নির্দিষ্ট চিত্রকর্ম নিয়ে বিতর্ক শুরু হয়। ওই ছবিতে দেখা যায়, একটি মুষ্ঠিবদ্ধ হাতে ধরা দাঁড়িপাল্লার একপাশে লাল রঙে ‘৭১’ এবং অন্য পাশে কালচে রঙে ‘২৪’ লেখা। ছবিতে ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে ঝুঁকে থাকায়, ২০২৪ সালকে ১৯৭১ সালের তুলনায় অধিক ‘ভারী’ বা গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। শিক্ষার্থীদের একটি বড় অংশের দাবি, ১৯৭১ ও ২০২৪—উভয়ই বাঙালির ইতিহাসের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গৌরবোজ্জ্বল ঘটনা। তাই একটি ঘটনাকে গুরুত্ব দিতে গিয়ে অন্যটিকে খাটো করার এই প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত বলে তারা মনে করেন।
চিত্রকর্মটি সরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, “একটি ঐতিহাসিক বিষয়কে এমনভাবে উপস্থাপনের ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা এড়াতে আমরা চিত্রকর্মটি সরিয়ে নিয়েছি। এই প্রদর্শনীর পুরো ব্যবস্থাপনায় ছিল চারুকলা অনুষদ। এ ধরনের শৈল্পিক উপস্থাপনার কারণ ও ব্যাখ্যা আমরা তাদের কাছে জানতে চাইব।”
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান দিবস পালনে রাবির চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা প্রায় ৮০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।