ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনারসহ মোট ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়।
বদলি আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসাইনকে, যিনি আগে গোয়েন্দা রমনা বিভাগে (রমনা জোনাল টিম) বদলির আদেশ পেয়েছিলেন, তাকে এখন গুলশান বিভাগের (বাড্ডা জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেনেন্স) এহসানুল কামরান তানভীরকে, যার বদলির আদেশ আগে ট্রাফিক তেজগাঁও বিভাগে ছিল, তাকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার বদলি করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) এবং রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল উত্তরা পূর্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. সাইফুল্লাহকে ডিএমপির গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) এবং হাবিবুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) হিসেবে বদলি করা হয়েছে। হাবিবুর রহমান এর আগে ডিএমপির উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরাপূর্ব) হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি ডিএমপির পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীদুল ইসলামকে লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে বদলি করা হয়েছে। উল্লেখ্য, একই আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।