ফুটবল মাঠে গোল করার আনন্দ সব খেলোয়াড়ের জন্যই বিশেষ, তবে সেন্টারব্যাকদের জন্য তা যেন এক অনন্য প্রাপ্তি। বছরের খুব কম সংখ্যক গোল করতে পারেন তারা, তাই একটি গোল করা মানেই যেন বিশ্বকাপের ট্রফি জেতার সমান অনুভূতি। পরশু রাতে কার্যত এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন করিতিবার জেসি মারানহাও।
ব্রাজিলের শীর্ষ লিগে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে ৪১ মিনিটে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান মারানহাও, যার ফলে দল ১-০ গোলে এগিয়ে যায়। তবে গোল করার পর তার উদযাপনই এখন পুরো ম্যাচের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আনন্দের আতিশয্যে মাঠের সীমানায় থাকা বিজ্ঞাপন-বোর্ড টপকে দর্শকদের দিকে ছুটে যান তিনি। কিন্তু বোর্ডের ঠিক ওপাশেই ছিল বিপক্ষ দলের ড্রেসিংরুমে যাওয়ার সুড়ঙ্গপথ। অসতর্কতার কারণে সরাসরি সেই গর্তে পড়ে যান মারানহাও। অনেক কষ্টে সেখান থেকে উঠে এলেও গোড়ালিতে চোট পান তিনি। ফলে বিরতির পরপরই তাকে মাঠ ছাড়তে হয়।
তবে গল্পের সবচেয়ে নাটকীয় মোচড়টি আসে পরবর্তীতে। ভিআর (VAR) পর্যালোচনার পর সেই গোলটি বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ, যে আনন্দের মুহূর্তে উদযাপনে গিয়ে তিনি আহত হলেন, স্কোরবোর্ডে তার কোনো চিহ্নই থাকল না। যদিও করিতিবা শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করেছে, যা মারানহাওয়ের জন্য কিছুটা সান্ত্বনা হয়ে থাকল।
ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল মুখে মারানহাও বলেন, "পায়ে একটু টান লেগেছে, তবে ঠিক আছি।"
কেন এমন কাণ্ড ঘটল, তার অকপট ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "সেন্টারব্যাকরা তো গোল পায় না বললেই চলে, তাই একটা পেয়ে গেলে মাথা ঠিক রাখা কঠিন হয়ে পড়ে!"
উল্লেখ্য, করিতিবার কোতো পেরেইরা স্টেডিয়ামের এই সুড়ঙ্গ-ফাঁদে আগে অন্য খেলোয়াড়ও পড়েছেন। ২০১৪ সালে সাও পাওলোর বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ঠিক এই একই জায়গায় হারিয়ে গিয়েছিলেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জোয়েল।